নিউ রিপাবলিক
ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জনজীবনে নাভিশ্বাস উঠলেও তেহরানের সাথে চুক্তির বিষয়ে নিজের কঠোর অবস্থানে অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অর্থনৈতিক সঙ্কটের চেয়ে ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখাই তার প্রশাসনের প্রধান লক্ষ্য বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে চীন যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। এ সময় যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক চাপের মুখে ইরানের সাথে কোনো সমঝোতায় পৌঁছাবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, ‘একটুও না।’ ট্রাম্প স্পষ্ট করেন যে, ইরান প্রসঙ্গে তার কাছে একটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তা হলো- তেহরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।
আরেক সাংবাদিক যখন জানতে চান যে সাধারণ মার্কিনিদের ওপর পড়া অর্থনৈতিক চাপকে তিনি আমলে নিচ্ছেন কি না, তখন ট্রাম্প উত্তর দেন, ‘সব আমেরিকানই বোঝেন যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেয়া যাবে না।’ উল্লেখ্য, ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রে দৈনন্দিন জীবনযাত্রা আরো কঠিন ও ব্যয়বহুল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ চাপ বাড়লেও তিনি জাতীয় নিরাপত্তার স্বার্থে পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।



