নিজস্ব প্রতিবেদক
ভারতীয় বয়ান মোকাবেলায় আমাদেরকে জিততে হলে সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যমে জিততে হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঈদুল আজহা উপলক্ষে আমার দেশ পত্রিকার ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবে তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিতাড়িত করলেও সপ্তাহ দুয়েক থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো রাজনৈতিক নেতা আবারো দিল্লির বয়ান গ্রহণ করে বাঙালি মুসলমান ও আলেম ওলামাদের জঙ্গি ও মৌলবাদ তকমা দিচ্ছেন। এর মাধ্যমে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আবারো হুমকির মুখে ঠেলে দিচ্ছেন।’
তিনি বলেন, ‘আমরা কোনোভাবেই আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত হতে দেবো না। এ জন্য সাংস্কৃতিক লড়াই খুবই গুরুত্বপূর্ণ। ঈদুল আজহা উপলক্ষে আমার দেশ পত্রিকার ঈদ সংখ্যাও সাংস্কৃতিক লড়াইয়ের একটি অংশ।’
তিনি আরো বলেন, ‘আমার দেশ কোনো সরকারের রক্তচক্ষুকে ভয় পায় না। সরকারের ভালো কাজের প্রশংসা ও খারাপ কাজের সমালোচনা অব্যাহত থাকবে। ফলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা সর্বদা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে লড়াই চালিয়ে যাব। আমার দেশ কোনো ব্যক্তি বা দলের কাছে দায়বদ্ধ নয়। আমার দেশের একমাত্র দায়বদ্ধতা এ দেশের জনগণ, পত্রিকার পাঠক, সর্বোপরি মহান আল্লাহর কাছে।’ অনুষ্ঠানে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বলেন, মাহমুদুর রহমান এমন একজন মানুষ, যার জীবনে অনেক বৈচিত্র্য রয়েছে। তিনি যেখানেই গেছেন সেখানেই কিছু নতুনত্ব দিয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে আমার দেশ পত্রিকার ঈদ সংখ্যাও আমাদের জন্য এক নতুন উপহার।
দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর বলেন, এই যুগে এমন সত্য বলার মানুষের খুবই অভাব। তিনি সত্যিকারের এক সাহসী সম্পাদক।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ মাহমুদুর রহমানকে সম্পাদকের সম্পাদক উল্লেখ করে বলেন, মাহমুদুর রহমানের মতো দুঃসাহসী সম্পাদক ইতিহাসে বিরল। এমন সত্য বলা মাহমুদুর রহমান ঘরে ঘরে দরকার। আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, গতানুগতিক প্রকাশনার বাইরে আমার দেশের এই ঈদ সংখ্যার মাধ্যমে পাঠকরা ঈদুল আজহার আদ্যোপান্ত অনেক কিছু জানতে পারবেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমার দেশের ঈদ সংখ্যা এক অনন্য প্রকাশনা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংবাদিক এলাহী নেওয়াজ খান, কাজী রওনক হোসেন, লেখক রেজাউল করিম, এনায়েত রসুলসহ প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদল, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেনসহ আমন্ত্রিত অতিথি, লেখক, সাংবাদিক, বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আমার দেশের সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজ ও মাল্টিমিডিয়ার প্রধান তামান্না মিনহাজ।



