নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুলল ডিএসসিসি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

নাগরিক, বিশেষজ্ঞ, গবেষক এবং নীতিনির্ধারকরা একসাথে বসে নগর সমস্যাগুলো চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও তথ্যভিত্তিক সমাধান প্রস্তাবনার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ‘দক্ষিণের জানালা’ নামক নাগরিক প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে।

গতকাল রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম নতুন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধু সেমিনারের মধ্যেই সীমাবদ্ধ না থেকে যথাযথ পদক্ষেপের মাধ্যমে ঢাকাকে বসবাসের উপযোগী করতে এটি কার্যকরী ভূমিকা রাখবে। সরকার ও মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, দক্ষিণের জানালার মাধ্যমে নাগরিকেরা শাসন প্রক্রিয়ায় মতামত ও অংশগ্রহণের সুযোগ পাবে। এটি নাগরিকদের সচেতনতার পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে যথাযথ পরিকল্পনা ও বাস্তবভিত্তিক কার্যক্রম গ্রহণ করতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এই শহর যেমন সম্ভাবনাময়, তেমনি চ্যালেঞ্জপূর্ণও। যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, পয়ঃনিষ্কাশন সঙ্কট, জনস্বাস্থ্য ঝুঁকি এবং নগর ব্যবস্থাপনার সীমাবদ্ধতা আমাদের দৈনন্দিন বাস্তবতা। তবে আমরা বিশ্বাস করি, সমস্যার চেয়ে বড় হলো সমাধানের ইচ্ছাশক্তি এবং সমন্বিত উদ্যোগ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব হিসেবে ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রথম সেশনের বিষয় ছিল ‘ঢাকা দক্ষিণের জলাবদ্ধতা : বাস্তবতা ও করণীয়’, যেখানে নগরীর জলাবদ্ধতা সমস্যার কারণ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সমাধানের উপায় নিয়ে বিশেষজ্ঞ, নাগরিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা আলোচনা করেন।

সেমিনারের দ্বিতীয় সেশনের বিষয় ছিল ‘নগর স্বাস্থ্য ও মশক নিয়ন্ত্রণ’। এ সেশনে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশ ব্যবস্থাপনা এবং সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ করেন।