দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
ফেনীর দাগনভূঞা উপজেলার মমারিজপুর উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার কম্পিউটার ল্যাবে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোর চক্র ল্যাবের ১৯টি কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ চুরি করে এবং বেশ কয়েকটি কম্পিউটার ভাঙচুর করে নষ্ট করে দেয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ল্যাবে থাকা ১৯টি কম্পিউটারের মধ্যে ১৩টির র্যাম, প্রসেসর ও এসএসডি খুলে নিয়ে যায় চোরেরা। এ ছাড়া অধিকাংশ কম্পিউটার ভাঙচুর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা মুহিদ চৌধুরী জানান, বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে চোরেরা ল্যাব কক্ষে প্রবেশ করে। তারা প্রায় তিন ঘণ্টা সেখানে অবস্থান করে রাত ৩টার দিকে বের হয়ে যায়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাতে বিদ্যালয়ের মূল ফটক ও ল্যাব কক্ষ তালাবদ্ধ ছিল। চোরেরা ল্যাবের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় বিদ্যালয়ে সফিকুল ইসলাম রিটন নামের এক নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। গতকাল শুক্রবার সকাল ৮টা ২১ মিনিটে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, খবর পেয়ে দ্রুত বিদ্যালয়ে এসে দেখি, ল্যাবের বিভিন্ন যন্ত্রাংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সাথে সাথে আমি বিষয়টি পুলিশকে জানাই।
খবর পেয়ে দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



