চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহনাগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের এক লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রামস্থ র্যাব-৭। গতকাল বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, মিয়ানমার হতে সমুদ্রপথে বাল্কহেডযোগে চট্টগ্রাম মহানগরীর দিকে মাদক আসছে। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে কিছু লোক ১৫ নং ঘাটে নোঙর করে বাল্কহেড হতে পালানোর চেষ্টাকালে র্যাব-৭ এর আভিযানিক দল কর্ণফুলী নদীর পাড় হতে মো: ইমরান (২১), মো: আনিস (২৯), মো: মনির হোসেন (৪৫), মো: আলী (৪৭), মো: রুবেল (২৭) আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের স্বীকারোক্তি মূলে বাল্কহেডের ইঞ্জিন রুমে দু’টি প্লাস্টিকের ড্রামে রক্ষিত এক লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি ৫০ লাখ টাকা।
গ্রেফতারকৃত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।



