সিলেট ব্যুরো
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডা: ইসমাঈল পাটোয়ারী বলেছেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত করেছিল ধীরে ধীরে সেই সপ্ন পূরণের সব পথ বন্ধ করা হচ্ছে। জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকারের উচিত ছিল সর্বাধিক গুরুত্ব দিয়ে জুলাই আকাক্সক্ষাকে বাস্তবায়ন করা; কিন্তু তারা উল্টো পথে হাঁটছেন।
তিনি বলেন, আমরা দেখলাম সরকারের প্রধানমন্ত্রী বলছেন, বিএনপি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পালন করবে। আবার সংসদ অধিবেশনে দেখলাম সরকারের মন্ত্রী বলছেন, তখন যদি নির্বাচন না দেয় সেই আশঙ্কা থেকে বাধ্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। জনগণ তাহলে কোনটা বিশ্বাস করবে। সরকারের পক্ষ থেকে সেটি পরিষ্কার করে বলা উচিত।
তিনি গতকাল বুধবার বিকেলে ‘জুলাই ঐক্য’ সিলেট আয়োজিত বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গৃহীত গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে ‘গণরায় বাস্তবায়ন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সিলেট প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং জুলাই ঐক্য সিলেটের অন্যতম সমন্বয়ক সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রবের সঞ্চালনায় নগরীর দরগাহ গেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, এনসিপি সিলেট মহানগর যুগ্ম আহ্বায়ক নেসারুল হক চৌধুরী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাইযোদ্ধা দেলোয়ার হোসেন শিশির।
অ্যাডভোকেট শিশির মনির বলেন, বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের যারা রক্ষা করতে আসে তাদেরকে তারা রক্ষা করতে পারে না। ফলে এর পরিণতি তাদেরকেই বরণ করতে হয়। ১৯৭৫ সালে বিএনপিকে যারা ক্ষমতায় আনার পথ তৈরি করেছিল বিএনপি তাদের রক্ষা করতে পারেনি। এবারো ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা বিএনপিকে ক্ষমতায় আনার সুযোগ করে দিয়েছিল তাদেরকেও তারা রক্ষা করতে চায় না। এ জন্য তাদেরকে ভবিষ্যতেও কঠিন মূল্য দিতে হবে।
অ্যাডভোকেট শিশির মনির আরো বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পরও যদি ক্ষমতার ভারসাম্য রক্ষা করা না হয় তাহলে দেশে পাঁচ বছর পর অটোমেটিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হবে। এর বিপরীতে ফের গণ-অভ্যুত্থান হবে।
সভাপতির বক্তব্যে সিলেট প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আকাক্সক্ষাকে বাস্তবায়ন করা না হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না।



