সোনারগাঁওয়ে চাঁদা না পেয়ে ৪৫ লাখ টাকার মালামাল লুট

Printed Edition
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে চাঁদার দাবিতে ভাঙচুর লুটপাট : নয়া দিগন্ত
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে চাঁদার দাবিতে ভাঙচুর লুটপাট : নয়া দিগন্ত

সোনারগঁাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আব্দুল জলিলসহ অজ্ঞাত ১২-১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল জলিলের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মালয়েশিয়া প্রবাসী মহিউদ্দিনের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘরে ব্যাপক ভাঙচুর চালায়।

একপর্যায়ে হামলাকারীরা আলমারির চাবি ছিনিয়ে নিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, লুট হওয়া মালামালের মধ্যে ছিল ১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লাখ টাকা, একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন ও একটি আইপ্যাড। সব মিলিয়ে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।

জাকিয়া বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগে বিভিন্ন সময় ভয়ভীতিও দেখানো হতো। দাবি করা টাকা না দেয়ায় এ হামলা চালানো হয়েছে।

তিনি আরো বলেন, হামলার সময় পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়। এমনকি বাড়িঘর জ্বালিয়ে দেয়ারও ভয় দেখানো হয়। চলে যাওয়ার সময় হামলাকারীরা একটি মোবাইল নম্বর লিখে দিয়ে আপসের জন্য যোগাযোগ করতে বলে।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল জলিলের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

সোনারগঁাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।