ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ বছরের শিরোপার অপেক্ষা কি তাহলে শেষ হতে যাচ্ছে আর্সেনালের। আর মাত্র একটি জয়ই লিগ শিরোপা নিশ্চিত করবে গানারদের। কাই হাভার্টজের একমাত্র গোলে বার্নলিকে গত পরশু ১-০ ব্যবধানে হারিয়ে সেই কাজ অনেকটা এগিয়ে রাখল মিকেল আর্তেতার দল। লিগের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলেই কোনো হিসেব ছাড়াই ২০০৩-০৪ মৌসুমের পর আবার প্রিমিয়ার লিগ শিরোপা জয় করবে গানাররা।
আর্সেন ওয়েঙ্গারের অধীনে ওই মৌসুমে কোনো ম্যাচ না হেরেই (২৬ জয় ও ১২ ড্র) অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় রেকর্ড গড়েছিল আর্সেনাল। যা ইতিহাসে ‘দ্য ইনভিনসিবলস’ নামে পরিচিত। চলতি মৌসুমে ইতোমধ্যে ৩৭ ম্যাচ শেষে ২৫ জয়, ৭ ড্র ও ৫ পরাজয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে এমিরেটসের দলটি। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে এর পরেই অবস্থান ম্যানচেস্টার সিটির।
বোর্নমাউথের বিপক্ষে সবকিছু ঠিক থাকলে গত রাতে লিগ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ম্যানচেস্টার সিটির। আর্সেনাল চ্যাম্পিয়ন হতে পারে এই ম্যাচের রেজাল্টেও। পরিস্থিতি এখন তেমন ইঙ্গিতই দিচ্ছে। বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটি যদি পয়েন্ট হারায়, তবে শেষ ম্যাচ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না গানারদের। মাঠে না নেমেই শিরোপা-উৎসবে মাততে পারবে তারা। কারণ ৩৬ ম্যাচ শেষে আর্সেনালের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে সিটিজেনরা। সিটি যদি ড্র করে, তবে তাদের পক্ষে আর আর্সেনালকে ধরা সম্ভব হবে না। তখন দুই দলেরই হাতে থাকবে এক ম্যাচ। সে ক্ষেত্রে শেষ ম্যাচ জিতলেও ৩৮ ম্যাচে সিটির পয়েন্ট হবে ৮১। যা আর্সেনালের বর্তমান সংগ্রহ থেকে ১ পয়েন্ট কম।



