চট্টগ্রাম ব্যুরো
জাতীয় ক্রিকেট দলের অফ-স্পিনার নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে মারধর এবং থানায় নিয়ে গিয়ে ওসির কক্ষে দ্বিতীয় দফায় হেনস্তার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ওসি মো: আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে একই ঘটনায় খুলশী থানার অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামসহ তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করা হয়।
শনিবার রাতে সিএমপি পুলিশ কমিশনার হাসান মো: শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে খুলশী থানার ওসি মো: আরিফুর রহমানকে পুলিশ লাইনে সংযুক্ত করে, তার জায়গায় বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলায়মানকে নতুন ওসির দায়িত্ব দেয়া হয়েছে।
এ দিকে নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের ঘটনায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত মোহাম্মদ সোহেলকে আটক করেছে পুলিশ।



