ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
মাদারীপুরে ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের চৌরাস্তা এলাকায় নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। দীর্ঘ দিন ধরে ভাড়া করা ভবনে ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিল কর্তৃপক্ষ। এতে নানা সীমাবদ্ধতার কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছিল। রোগীদের আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়। পরে গণপূর্ত অধিদফতরের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাহায্যে নির্মাণকাজ বাস্তবায়ন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা না গেলে নানা জটিল রোগ দেখা দিতে পারে। তাই রোগীদের নিয়মিত চিকিৎসা ও সচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে। অসহায় ও দুস্থ রোগীদের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান জানান তারা। ব্যবসায়িক মনোভাব পরিহার করে মানুষের কল্যাণে সেবা দেয়ার কথাও বলেন বক্তারা। অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মাদারীপুর ডায়াবেটিস সমিতির সভাপতি কাজী হুমায়ুন কবির, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ ও চিকিৎসক ডা. অখিল সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন। মাদারীপুর প্রতিনিধি।
একই স্থানে গাঁজা-মদ উদ্ধার
গাজীপুর মহানগরীর উত্তর সালনা পোড়াবাড়ী এলাকায় একই স্থানে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩৯ দশমিক ৫ লিটার বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব। মাত্র চার দিনের ব্যবধানে এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৩৯ দশমিক ৫ লিটার বিদেশী মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ফয়সাল আহমেদ (২২) ও হৃদয় শেখকে (৩৪) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়। এর চার দিন পর একই এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী গাঁজার চালান আটকে অভিযান চালায় র্যাব। এ সময় ওয়ার্কশপের সামনে একটি পরিত্যক্ত পিকআপে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। র্যাব জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৮ হাজার টাকা। গ্রেফতার দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গাজীপুর মহানগর প্রতিনিধি।
নৌকা ডুবে পর্যটক নিখোঁজ
বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে মো: জাওয়াদ উল ইসলাম নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তিন্দু বড় পাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল শনিবার পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জাওয়াদের বাড়ি ময়মনসিংহ জেলার মাসকান্দায় বলে জানা গেছে। তাকে উদ্ধারে চট্টগ্রাম থেকে ডুবুরি দল যাওয়ার কথা রয়েছে। ঘটনার পর থানচি ফায়ার সার্ভিস, বিজিবি ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আলীকদম হয়ে আসা ১৩ পর্যটকের একটি দল দুটি ইঞ্জিনচালিত নৌকায় তিন্দু থেকে বড় পাথরের উদ্দেশে রওনা হয়। গন্তব্যের কাছাকাছি পৌঁছালে নৌকা দু’টি তীব্র স্রোতের কবলে পড়ে। উজানের দিকে যাওয়ার সময় স্রোতের তোড়ে একটি নৌকা উল্টে গেলে জাওয়াদ নিখোঁজ হন। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্লাহ আল ফয়সাল জানান, পর্যটকরা প্রশাসনের কাছে নিজেদের পরিচয় নিবন্ধন করেননি। ফলে নিখোঁজ ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে কিছুটা সময় লেগেছে। তবে দুর্ঘটনার বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানানো হয়েছে। বান্দরবান প্রতিনিধি।
রায়পুরায় ইয়াবাসহ চিকিৎসক আটক
নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা: ইসমাঈল আল রাজিবকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, আটকের সময় ডা. ইসমাঈল আল রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাকে রায়পুরা থানা পুলিশের হেফাজতে নেয়া হয়। পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা।
আড়াই লাখ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে এক যুবকের কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে ছুরিকাঘাতে আহত হয়েছেন মানিক (১৯) নামে ওই যুবক। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার আড়াইহাজার-বিশনন্দী ফেরিঘাট সড়কের বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকার মানিকপুর বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মানিক ইউসিবি ব্যাংক ও সিটি ব্যাংকের আড়াইহাজার শাখা থেকে দুই লাখ ৫০ হাজার টাকা তুলে মোটরসাইকেলে করে তার মামার বাড়ি যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা চার ব্যক্তি তার মোটরসাইকেল থামান। তাদের একজনের পরনে পুলিশের পোশাকসদৃশ একটি কটি ছিল। প্রথমে চেকপোস্ট মনে হওয়ায় মানিক সন্দেহ করেননি। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়া হয়। বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
৩২ লাখ টাকার চোরাই পণ্য আটক
কুড়িগ্রামে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল, গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা মূল্যের এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। কুড়িগ্রাম প্রতিনিধি।
স্পিডবোডে ভাড়া নিয়ে সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্পিডবোটে তিন বছরের শিশুর ভাড়া দাবি করাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার দড়িদৌলত ইউনিয়নের মরিচাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মরিচাকান্দি স্পিডবোট ঘাটে এক যাত্রীর সাথে থাকা তিন বছরের শিশুর জন্য ভাড়া দাবি করেন স্পিডবোটচালক ইমরান। এ নিয়ে ঘাটের ইজারাদার ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে তার বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে টোল আদায়কারী বাবুলের ওপর হামলার অভিযোগ ওঠে। পরে আসাদুল্লাহ নামাজ শেষে মসজিদ থেকে বের হলে সাত-আটজনের একটি দল তার ওপর হামলা চালায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও সশস্ত্র হামলা হয়। এ সময় শরীফ নামে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। এতে জাহাঙ্গীর আলমের তলপেটে গুলি লাগে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাঞ্ছারামপুর (ব্রহ্মণবাড়িয়া) সংবাদদাতা ।



