নারী নেতৃত্বের সুযোগ বাড়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা টুকুর

Printed Edition

বুটেক্স প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কার্যক্রমে তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন। এ সময় তিনি নারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বুটেক্সের দুই সাবেক শিক্ষার্থী সানজিদা ইসলাম ও মাহবুবা হাকিম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচিত হওয়ায় তাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল বুটেক্স অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাই সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ (সেলিম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুটেক্সের ভিসি অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন- আইটিইটির সদ্য বিদায়ী সদস্যসচিব প্রকৌশলী মো: এনায়েত হোসেন, প্রকৌশলী মো: মঈদুল ইসলাম (মঈদ), এ কে এম মহসিন আহমেদ, হাফিজুর রহমান নিক্সন, মাইনুল ইসলাম পলাস প্রমুখ।

সংবর্ধিত এমপি সানজিদা ইসলাম তুলি বলেন, দেশের সর্বোচ্চ রফতানি খাত পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট এ বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো গবেষণা কেন্দ্র না থাকা দুঃখজনক উল্লেখ করে তিনি একটি টেক্সটাইল গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধিত অপর এমপি মাহবুবা হাকিম বলেন, ‘আমি নতুন ধারার রাজনীতিতে বিশ্বাসী, যেখানে ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’ তিনি দেশের টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যা সমাধান এবং খাতটির টেকসই অগ্রগতির জন্য সরকারের সদয় দৃষ্টি কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ (সেলিম) বলেন, দীর্ঘ দিনের দাবি অনুযায়ী টেক্সটাইল ক্যাডার দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিলে শিক্ষার্থী ও পেশাজীবীরা সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বুটেক্সে একটি টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন।

আইটিইটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার বলেন, দেশের টেক্সটাইল খাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাস সঙ্কটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় উৎপাদন পরিচালনা করতে পারছে না। তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের টেক্সটাইল খাতের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে বুটেক্সের ভিসি অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন বলেন, জাতীয় সংসদে বুটেক্সের গ্র্যাজুয়েটদের প্রতিনিধিত্ব বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, তারা জাতীয় সংসদে টেক্সটাইল ক্যাডার প্রতিষ্ঠা এবং টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।