সিলেট ব্যুরো
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৪ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার ৪৮ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা জিরা, সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, চিংড়ির রেণু, মেহেদি, চিনি ও বাসমতি চাল জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ ও রসুনও আটক করা হয়েছে।
আটককৃত চোরাইপণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪ লাখ সাত হাজার ৫৬০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।



