কূটনৈতিক প্রতিবেদক
ভালোবাসা আর আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব উল্লেখ করে বাংলাদেশে দায়িত্ব নিতে আসা ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, আমাদের শুধু অভিন্ন সীমান্ত নেই, অভিন্ন স্বপ্নও আছে। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই।
গতকাল কলকাতায় নেতাজি ভবন পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আজ শুক্রবার তিনি ঢাকায় আসছেন। ভারতের বিগত হাইকমিশনার প্রণয় ভার্মা ব্রাসেলস ও ইউরোপীয় ইউনিয়নে দেশটির রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন।
বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিলে নিজের অগ্রাধিকারের প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, আমার একমাত্র অগ্রাধিকার হলো বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক। আমরা সবাই ভাইবোন। বাংলাদেশের মানুষের সাথে আমাদের সম্পর্ক শুধু সীমান্তের নয়। বাংলাদেশের মানুষের স্বপ্নের সাথেও আমরা যুক্ত। আমাদের স্বপ্ন অভিন্ন। গণতন্ত্রের স্বপ্ন আমাদের সবার। তাই আমি শুধু ভারতের ১৪০ কোটি মানুষের কথা বলছি না, এর সাথে বাংলাদেশের আরো ২০ কোটি মানুষকে যোগ করছি। এই ১৬০ কোটি মানুষ, যারা আমাদের ভাইবোন, তাদের কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত, নেতাজি সুভাষচন্দ্র বসুর আশীর্বাদ, ভারতের মানুষের শুভকামনা এবং বাংলাদেশের মানুষের সমর্থন আমাকে সাহায্য করবে, যাতে আমরা একসাথে এগিয়ে যেতে পারি, আমাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারি। একে অপরের মঙ্গল কামনা করার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।
ভারত সরকার গত এপ্রিলে দেশটির সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছে। দীনেশ ত্রিবেদী বিজেপির রাজনীতির সাথে যুক্ত।



