ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে নিজের অবসরের কথা জানান এই ডান হাতি ফাস্ট বোলার।
গত ছয় বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন রুবেল হোসেন। তবে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি এত দিন। অবশেষে বিদায়ের ঘোষণা দিলেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই বোলার।
রুবেল তার পোস্টে লিখেছেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-২০। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটি আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’
২০০৯ সালের জানুয়ারি মাসে ওয়ানডে ক্রিকেট দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল এই পেসারের। একই বছর ওয়ানডে ও টেস্ট অভিষেকও হয়েছিল তার। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করেছেন রুবেল। আন্তর্জাতিক ক্যারিয়ারে রুবেল ২৭ টেস্টে নিয়েছেন ৩৬টি উইকেট। ১০৪টি ওয়ানডেতে তার শিকার ১২৯টি উইকেট, আর ২৮টি টি-২০তে নিয়েছেন ২৮টি উইকেট।



