চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীর চোরা বালিতে আটকে পানিতে ডুবে নুরে ইলাহি নাহিদ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার উত্তর কাহারিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ স্থানীয় সাংবাদিক অলি উল্লাহ রণীর ছেলে এবং চকরিয়া করক বিদ্যাপীঠের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল বন্ধ থাকায় সহপাঠীদের সঙ্গে খেলতে নদীর ওপারে যাচ্ছিল নাহিদ। এ সময় নদীতে পানি কম থাকায় হেঁটেই পার হওয়ার চেষ্টা করে সে। একপর্যায়ে চোরা বালিতে আটকে গিয়ে পানিতে ডুবে যায় নাহিদ।
সহপাঠীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, মাতামুহুরি নদীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। শক্তিশালী ড্রেজার মেশিন ব্যবহার করে নিয়মনীতি উপেক্ষা করে একটি চক্র নদী থেকে বালু তুলেছে। এর ফলে নদীর তলদেশে গভীর গর্ত ও চোরা বালির সৃষ্টি হচ্ছে, যা শিশু-কিশোরদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলনের কারণে গ্রামীণ সড়ক, শহর রক্ষা বাঁধ ও নদীর দুই তীরের আবাদি জমিও হুমকির মুখে পড়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসী দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করছেন।



