নয়া দিগন্ত ডেস্ক
ডেঙ্গু বিস্তার রোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশব্যাপী বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি করপোরেশন, প্রশাসন এবং গণমাধ্যমের যৌথ উদ্যোগে সারা দেশে মশক নিধন ও ডেঙ্গু মোকাবেলায় এই প্রচারণামূলক কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার সারা দেশে বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভায় জনসচেতনতামূলক রথ্যালি অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে রথ্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে রথ্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রথ্যালিতে নেতৃত্ব দেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাওছার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ, সদর হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আবুয়াল হাসানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ‘সবাই মিলে দেশ গড়ি, একসঙ্গে ডেঙ্গু প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ রথ্যালি, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
গতকাল সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে একটি সচেতনতামূলক রথ্যালি অনুষ্ঠিত হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে শহরের শিমরাইলকান্দি পাওয়ার হাউজ সড়কে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আবু সাঈদ।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গুর লার্ভা নিধন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি শনিবার এ অভিযান পরিচালিত হবে। অনেকেই খোলা জায়গা ও ড্রেনে ময়লা-আবর্জনা ফেলছেন, যা বর্জ্য ব্যবস্থাপনাকে কঠিন করে তোলে। তিনি সবাইকে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানান।
পরিচ্ছন্নতা অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক রথ্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে রথ্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
রথ্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: আবু নোমান মো: ইফতেখারুল তৌহিদ। প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এ সময় বিভিন্ন সরকারি দফতরের প্রধান, কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং সেবাপ্রত্যাশীরা অংশগ্রহণ করেন।
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা জানান, ফেনীর দাগনভূঞায় ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক রথ্যালি ও বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সানজিদা মাহবুব।
এ সময় অন্যদের মধ্যে সহকারী অধ্যাপক ডা: গোলাম সদরুদ্দীন শামীম, মেডিক্যাল অফিসার ডা: খন্দকার মোস্তাফিজুর রহমান পুলক, ডেন্টাল সার্জন ডা: শিহাব উদ্দিন মাহমুদ, ডা: ইফরাদ, দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের সাটুরিয়ায় ডেঙ্গুর প্রকোপ রোধ এবং এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রথ্যালি বের করা হয়। রথ্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই’ এই স্লোগানকে সামনে রেখে রথ্যালি শেষে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম প্রধান অতিথি থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মনিরুজ্জামান, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম।
এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই সচেতনতামূলক অভিযানে অংশ নেন।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা জানান, ‘নিজের সচেতনতাই পরিবার ও সমাজের সুরক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলাবাসীকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রথ্যালি ও আলোচনা সভা করেছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে সচেতনতামূলক রথ্যালি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।
রথ্যালি পরবর্তী স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রশান্ত কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সী। উপজেলা মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: উমর ফারক জাবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মেডিক্যাল অফিসার ডা: সাইফুল ইসলাম রনি, মেডিক্যাল অফিসার ডা: মেহেদী হাসান, মেডিক্যাল অফিসার এইচ এম ডা: আশ্রাফ-উল-মাসুদ, মেডিক্যাল অফিসার ডা: তিথী-রানী ও সাংবাদিক কামরুজ্জামান বাঁধন প্রমুখ।
নীলফামারী প্রতিনিধি জানান, ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক রথ্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেনারেল হাসপাতাল চত্বরে এ অভিযান শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা: আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, নীলফামারী সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আব্দুল্লাহেল মাফি, সিনিয়র কনসালট্যান্ট ডা: শাহ মো: মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বেলাব (নরসিংদী) সংবাদদাতা জানান, ‘সবার আগে দেশ, সকলের চেষ্টায় ডেঙ্গু করব শেষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি ব্যানারসমৃদ্ধ র্যালি বের করা হয়। গতকাল সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দা তানজিনা আফরিনের নেতৃত্বে র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে গেটে এসে শেষ হয়।
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জনানা, কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের উদোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে র্যালিটি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। উপস্থিত ছিলেন- কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন ফারহানা জেরিন, ডা: শারমিন আক্তার ইভা, ডা: আলিফা কাশেম, ডা: মোছাদ্দিক হোসেন, প্রেস ক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, সাংবাদিক এ কে এম জাবের, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ইপিআই ইনচার্জ আপ্তাব উদ্দিন প্রমুখ।
শালিখা (মাগুরা) সংবাদদাতা জানান, মাগুরার শালিখা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। গতকাল সকাল ১০টায় রথ্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজার ও যশোর-মাগুরা প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইমুন নিছা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন মুন্সি, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, শালিখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এ রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার বিকল্প নেই। বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে সচেতনতামূলক রথ্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে রথ্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
রথ্যালিতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর। উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আরিফ উজ জামান, পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল এবং সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) অনিরুদ্ধ দেব রায়। এ সময় রেড ক্রিসেন্টের সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, স্কাউটস, নার্স, পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রথ্যালিতে অংশ নেন।
মাগুরা প্রতিনিধি জনান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরায় রথ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় কালেক্টরেট চত্বর থেকে রথ্যালি বের করা হয়। রথ্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডা: শামীম কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, পৌর প্রশাসক ইমতিয়াজ আহমেদ এবং মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা: মহসিন উদ্দিন ফকির, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, চিকিৎসক ডা: মেহেদী হাসান, ডা: আফজাল হোসেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা: দেবপ্রিয়া। সভাটির সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।



