সিলেট ব্যুরো ও গোয়াইনঘাট সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোনো ধরনের উসকানি ছাড়াই গুলিবর্ষণ করেছে। জবাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করে। গত সোমবার বিকেলে এই পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটে।
বিজিবি সূত্র নিশ্চিত করেছে, বিজিবির এই দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দু’পক্ষের কেউই হতাহত হননি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। তবে অনাকাক্সিক্ষত এ ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক জানান, বিজিবি সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাক্সিক্ষত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরো জানান, উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য (মহিলা) রিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা গোলাগুলির ঘটনাটি শুনেছি। বর্তমানে সাধারণ মানুষকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।’



