ঈশ্বরদীতে ভুয়া প্রশাসনিক কর্মকর্তা পরিচয়ে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

Printed Edition

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

পাবনার ঈশ্বরদীতে প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কের হারুখালী মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাছ ব্যবসায়ী জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে লালন শাহ সেতু পার হওয়ার পর তিনি গাড়ি থামিয়ে নামেন। এ সময় দু’টি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে তার গাড়ি তল্লাশি শুরু করেন। তারা গাড়িতে মাদকদ্রব্য রয়েছে বলে দাবি করেন।

এক পর্যায়ে গাড়ির সিটের পেছনে রাখা মাছ বিক্রির টাকার ব্যাগটি দেখতে পেয়ে ব্যাগে মাদক রয়েছে বলে অভিযোগ তোলেন তারা। পরে থানায় নিয়ে পরীক্ষা করার কথা বলে ব্যাগটি নিজেদের নিয়ন্ত্রণে নেন। ঘটনাস্থলেই ব্যাগ পরীক্ষা করার অনুরোধ জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করে পাশের পুলিশ ফাঁড়িতে নেয়ার কথা বলেন।

ভুক্তভোগীর অভিযোগ, পরে তারা পুলিশ ফাঁড়িতে না গিয়ে কৌশলে হারুখালী মাঠের নির্জন এলাকায় চলে যায়। সেখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাঁধে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

স্থানীয় এক মোটরসাইকেল চালক ছিনতাইকারীদের ধাওয়া করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, ব্যাগে মাছ বিক্রির চার লাখ ২৬ হাজার টাকা ছিল, যা ছিনতাইকারীরা নিয়ে গেছে।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।