কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর বেলা ৩টার দিকে উদ্ধার কাজ শেষ হয়েছে। এর ফলে খুলনার সাথে ঢাকা ও রাজশাহীসহ উত্তরবঙ্গের রেলযোগাযোগ আবার শুরু হলেও অন্তত এক ডজন ট্রেনের শিডিউল সম্পূর্ণ ওলটপালট হয়ে গেছে। প্রতিটি ট্রেন ৫ থেকে ৬ ঘণ্টা বিলম্বে চলায় হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
গতকাল রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাফদারপুর স্টেশনের মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে এর পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবে এই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন, রাজশাহী থেকে আসা সাগরদাঁড়ি, খুলনা থেকে ঢাকাগামী চিত্রা, রাজশাহীগামী কপোতাক্ষ এবং চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি আন্তঃনগর ও লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী ও খুলনা থেকে দু’টি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মোবারকগঞ্জ রেলস্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ ৯ ঘণ্টার প্রচেষ্টায় লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা হয়েছে। তবে লাইন সচল হলেও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনার কারণে খুলনা অঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগে বড় ধরনের বিঘœ সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, এর মাত্র ১৭ দিন আগে গত ২১ মে একই স্টেশনে একইভাবে আরেকটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল। বারবার একই স্থানে এমন দুর্ঘটনায় রেললাইনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ও ভুক্তভোগী যাত্রীরা।



