সংসদ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হবে ৭ জুন (রোববার) বিকেল ৩টায়। সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত মতাবলে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, আসন্ন অধিবেশনে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদনের পাশাপাশি আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন, আলোচনা ও পাস করা হবে। এটি হবে মতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের প্রথম জাতীয় বাজেট। ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে এবারের বাজেট অধিবেশন বিশেষ গুরুত্ব বহন করছে।
অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি, জ্বালানি ও কৃষি খাতের ভর্তুকি, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি-এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। একই সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর বিভিন্ন শর্ত ও সংস্কার প্রস্তাবও বাজেট প্রণয়নে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়। ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন ও আলোচনা করা হয়। এর মধ্যে গণভোটসহ ২০টি অধ্যাদেশ বাতিল করা হয়।
এ ছাড়া দু’টি বিশেষ কমিটিসহ মোট সাতটি সংসদীয় কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সংসদ সদস্য।
এদিকে, আসন্ন বাজেট অধিবেশনে সদ্য শপথ নেয়া সংরতি নারী আসনের ৫০ জন সংসদ সদস্য প্রথমবারের মতো অংশ নেবেন। ফলে সংসদে নারী সদস্যদের উপস্থিতি ও অংশগ্রহণ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট অধিবেশন দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজেট উত্থাপনের পর মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দ, সম্পূরক বাজেট এবং অর্থ বিল নিয়ে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত হবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক বাস্তবতা এবং উন্নয়ন পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরতে এবারের বাজেট অধিবেশনকে সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



