ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়

মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে চাই : ভিসি

Printed Edition

রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা

দেশের সর্ব-উত্তরে নবগঠিত ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সীমিত পরিসরে শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইসরাফিল শাহীন।

গতকাল বৃহস্পতিবার সকালে রানীশংকৈল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। গত ৭ মে তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সভায় ড. ইসরাফিল শাহীন বলেন, উচ্চশিক্ষা, গবেষণা, সংস্কৃতি চর্চা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান হলেও এর কার্যক্রম ও সুনামের সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলের সম্পর্কও গভীর। তাই এ প্রতিষ্ঠানের মর্যাদার সাথে ঠাকুরগাঁও অঞ্চলের ভাবমর্যাদাও জড়িয়ে থাকবে।

ভিসি বলেন, ‘ভাইস চ্যান্সেলর হওয়াকে আমি গৌরবের বিষয় হিসেবে দেখি না; বরং এটি একটি বড় দায়িত্ব। সবার সহযোগিতায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে চাই।’

ভিসি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে তিনি জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এ মতবিনিময় সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়টি দ্রুত দেশের অন্যতম আধুনিক ও যুগোপযোগী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।