নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশে প্রকৃত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় সাধারণ মানুষ রাষ্ট্রের সেবা ও কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। রাজনীতিকে কেবল ক্ষমতার লড়াই নয়, বরং আর্তমানবতার মুক্তি ও গণমানুষের কল্যাণে নিয়োজিত করতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
গতকাল শনিবার রাজধানীর উত্তরার আজমপুর বিডিআর মার্কেটে অসহায় মানুষের মধ্যে ‘ইচ্ছে পূরণ’ কর্মসূচি পালনকালে তিনি এসব কথা বলেন। উত্তরা জামায়াত আয়োজিত এই ব্যতিক্রমী কর্মসূচিতে ২৫ জন অসহায় মানুষকে তাদের পছন্দমতো কেনাকাটা করার সুযোগ দেয়া হয়, যার সম্পূর্ণ ব্যয় বহন করে সংগঠনটি।
কর্মসূচি পরিদর্শনকালে সেলিম উদ্দিন বলেন, সমাজের প্রান্তিক ও অসহায় মানুষ যাতে মূলধারার জনগোষ্ঠীর সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজ ২৫ জনকে তাদের ইচ্ছামতো ঈদের বাজার করার সুযোগ দেয়া হয়েছে। আমাদের এই ইতিবাচক ও জনহিতকর কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান এবং স্থানীয় নেতৃবৃন্দ।
ঐতিহাসিক বদর দিবসের আলোচনা
বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার উদ্যোগে শনিবার উত্তরার এক মিলনায়তনে ১৭ রমাদান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মহানগরী মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুব আলম।


