জামায়াত কর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা জানেন না ‘বাদি’

Printed Edition

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ারের অভিযোগে এক জামায়াত কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা মামলা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মামলার কথিত বাদি বলছেন, তিনি মামলা সম্পর্কে কিছুই জানেন না এবং থানায়ও যাননি।

গত ২৬ মার্চ উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর এলাকার জামায়াত কর্মী আজিজুল হককে গ্রেফতার করে পুলিশ। এরপর ২৮ মার্চ মহিষতারা গ্রামের নিরক্ষর কৃষক ফজলুকে বাদি সাজিয়ে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়। তবে সরেজমিন ফজলু জানান, তিনি নাম লিখতে জানেন না এবং ওই মামলার বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে আছেন। এমনকি আজিজুলকেও তিনি ভালোভাবে চেনেন না। ফজলুর জাতীয় পরিচয়পত্রেও স্বাক্ষরের জায়গায় আঙুলের ছাপ দেখা গেছে।

আজিজুলের পরিবার ও স্থানীয় জামায়াত নেতাদের দাবি, জমিসংক্রান্ত বিরোধ ও রাজনৈতিক প্রতিহিংসার জেরে স্থানীয় বিএনপির কিছু নেতার যোগসাজশে পুলিশ এ মিথ্যা মামলা সাজিয়েছে। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফয়জুর রহমান বলেন, আজিজুল সাধারণ নার্সারি ব্যবসায়ী। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতার মামলায় ফাঁসানো হয়েছে।

মুক্তাগাছা থানার ওসি লুৎফুর রহমান দাবি করেন, বাদি উপস্থিত হয়ে স্বাক্ষর দিয়েই মামলা করেছেন। তবে নিরক্ষর ব্যক্তি কিভাবে স্বাক্ষর করলেন, সে বিষয়ে সদুত্তর মেলেনি। অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, বাদির উপস্থিতি ছাড়া মামলা গ্রহণের সুযোগ নেই; হয়তো চাপের মুখে বাদি এখন অস্বীকার করছেন।