চুয়েটে ৩ দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন

ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রযাত্রা বিশ্বব্যাপী কর্মক্ষেত্রের ধরনকে পরিবর্তন করছে : চুয়েট ভিসি

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, বর্তমান যুগে একাডেমিক সনদ সফলতার নিশ্চয়তা দেয় না। চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স, অটোমেশন, রোবোটিক্স এবং ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রযাত্রা বিশ্বব্যাপী কর্মক্ষেত্রের ধরনকে পরিবর্তন করছে। ফলে আজকের শিক্ষার্থীদের কেবল জ্ঞান অর্জন করলেই চলবে না, তাদের হতে হবে উদ্ভাবনী, অভিযোজনক্ষম এবং বহুমাত্রিক দক্ষতার অধিকারী। তিনি আরো বলেন, আমাদের জাতীয় উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি, চুয়েটের শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও কর্মদক্ষতার মাধ্যমে দেশ ও বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

গত শনিবার চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক উপ-উপাচার্য ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি দিব্য জ্যোতি ঘোষ। এতে সঞ্চালনা করেন ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী আবিদুর রহমান ও তাহসিন প্রিতি। বিজ্ঞপ্তি।