নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শনিরআখড়ায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মো: সাজিদ হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া শ্যামপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শফিকুল ইসলাম (৪০) নামে অপরএকজনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, সাজিদ রাজধানীর ফার্মগেটের আল মদিনা ফার্মাসিউটিক্যাল নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে শনিরআখড়া দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সাজিদ। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হসপিটালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে গতকাল রোববার বিকেল ৩টার দিকে শ্যামপুর থানাধীনধোলাইপাড় জালালাবাদ হামিদা সিএনজি পাম্পের সামনে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা একটি ভ্যানগাড়িকে ধাক্কায় দেয়। এতে ভ্যানচালক শফিকুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



