চাঁদাবাজি মামলায় কথিত যুবদল নেতা ফাহিম কারাগারে

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কথিত যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো: জুনাইদ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার এক নম্বর আসামি ফাহিমসহ মোট ১১ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে প্রধান আসামি ফাহিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিচারক তার আদেশে উল্লেখ করেন, মামলার নথি ও এজাহার পর্যালোচনায় আসামি মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে। সার্বিক বিবেচনায় আদালত আসামি ফাহিমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তার বিরুদ্ধে ‘কাস্টডি ওয়ারেন্ট’ (সি-ডব্লিউ) ইস্যু করার আদেশ দেন।

অন্য দিকে, মামলায় অভিযুক্ত বাকি ১০ আসামির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। স্থানীয় এক জিম্মাদারের জিম্মায় ৫০০ টাকা বন্ডে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়।

গত ৬ মে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় এই চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেছিলেন।