শাহ আমানত ও মাওলানা মোবারক আলী ছিলেন মানবতার আলোকবর্তিকা : ড. আ ফ ম খালিদ

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বিখ্যাত সুফি সাধক শাহসুফি আমানত রহ:-এর বার্ষিক ইছালে ছওয়াব এবং তনজিমুল মোছলেমিন এতিমখানার প্রতিষ্ঠাতা হাকিম মাওলানা মোবারক আলী হেজাজী রহ:-এর ১০ম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব আমানত শাহ মাজার সংলগ্ন এতিমখানা মিলনায়তনে এই যৌথ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক ধর্ম উপদেষ্টা ও এতিমখানার সভাপতি প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে ইসলামের প্রচার ও সুশীল জীবনধারা গড়ে তোলার পেছনে হজরত শাহ আমানত রহ:-এর অবদান অন্যতম। তার সরলতা, বিশ্বস্ততা ও জ্যোতির্ময় চেহারায় আকৃষ্ট হয়ে দূর-দূরান্ত থেকে মানুষ এসে ইসলাম গ্রহণ করেন। তিনি কখনো সাংসারিক মোহে আচ্ছন্ন হননি এবং কষ্টার্জিত উপার্জনে জীবিকা নির্বাহ করতেন। অন্য দিকে হাকিম মাওলানা মোবারক আলী হেজাজী ছিলেন আপাদমস্তক একজন এতিমদরদি ও মানবতাবাদী সমাজহিতৈষী। তনজিমুল মোছলেমিনসহ বহু এতিমখানা প্রতিষ্ঠা করে তিনি হাজার হাজার এতিম ও নিঃস্ব ছেলেকে শিক্ষিত ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলেছেন। তার পুরো জীবনটাই ছিল আর্তমানবতার কল্যাণে নিবেদিত।

মাহফিলে সম্মানিত অতিথির বক্তব্যে সিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, হজরত শাহ আমানত রহ:-এর মতো আধ্যাত্মিক সাধকদের অবদানের কারণে চট্টগ্রাম ধন্য। তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন এবং সাধারণ মানুষের আড়ালে থেকে জজকোর্টে পাখা টানার চাকরি করতেন। দিনে কাজ ও রাতে আল্লাহর ইবাদতে মশগুল থাকা এই সাধকের অলৌকিকত্ব বা কারামত প্রকাশের পরই মানুষ তার আধ্যাত্মিক উচ্চমর্যাদা সম্পর্কে জানতে পারে।

তনজিমুল মোছলেমিনের তত্ত্বাবধায়ক ও চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন এতিমখানার সাধারণ সম্পাদক অধ্যাপক হাকিম মাওলানা জামাল উদ্দিন হেজাজী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক লায়ন গভর্নর রফিক আহমদ, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদুল আলম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক নুরুল কবির চৌধুরী, প্রচার সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, সহ-দফতর সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন এবং সিকদারপাড়া সলিমুল উলুম এতিমখানার সহসভাপতি ইঞ্জিনিয়ার নুরুস সামাদ। এ ছাড়া সভায় বায়তুশ শরফ মজলিসুর উলামা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা শিহাবুদ্দিন, অধ্যাপক নইম কাদের, মুহাম্মদ জাফর উল্লাহ ও মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরীসহ অন্যরা বক্তব্য রাখেন।