ক্রীড়া ডেস্ক
৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোকে অধিনায়ক করেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেন পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেস। গতকাল জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। স্কোয়াডে ২৬ জনের নাম আছে। তবে গত বছর সবাইকে কাঁদিয়ে পরলোকে পাড়ি দেয়া দিয়োগো জটাকে প্রতীকী ‘সদস্য’ ধরে ২৭ জনের নাম ঘোষণা করেন কোচ। কোচ মার্তিনেস এবার অভিজ্ঞতার সাথে তরুণ প্রজন্মের মধ্যে ভারসাম্য রেখে স্কোয়াড সাজিয়েছেন। আসন্ন বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে খেলবে কলম্বিয়া, উজবেকিস্তান ও ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তান এবং ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার মুখোমুখি হবে রোনালদোরা।
এদিকে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে দল ঘোষণা করেছে স্কটল্যান্ডও। কোচ স্টিভ ক্লার্কের ঘোষিত দলে সবচেয়ে আলোচিত নাম রস স্টুয়ার্ট। দীর্ঘ চার বছর পর জাতীয় দলে ফিরেছেন এই স্ট্রাইকার। ২৯ বছর বয়সী স্টুয়ার্ট সর্বশেষ স্কটল্যান্ডের হয়ে খেলেছিলেন ২০২২ সালে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে ১১ গোল করে দলে তিনি। দলে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী উইঙ্গার ফিন্ডলে কার্টিস।



