চট্টগ্রাম ব্যুরো
বিতর্কিত শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের ১১টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়ে গতকাল শনিবার ১ আগস্ট হতে তা কার্যকর করা হয়েছে। এসব কারখানায় প্রায় সাড়ে চার হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, এক মাস আগে থেকে কারখানা বন্ধের প্রক্রিয়া শুরু করে এস আলম গ্রুপ। ধাপে ধাপে পাওনা বুঝিয়ে দিয়ে কারখানার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে বলে সূত্র জানায়। এসব প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১টি কারখানায় বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়া হয়।
বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম সিমেন্ট, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, চেমন ইস্পাত, গেলকো স্টিলস, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম ব্যাগ ম্যানুফ্যাককচারিং ফ্যাক্টরি, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেসহ আরো কয়েকটি শিল্প ইউনিট। তবে বাঁশখালীতে চীনের সাথে এস আলম গ্রুপের যৌথ বিনিয়োগে গড়া এসএস পাওয়ার কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি সচল আছে।
এ ছাড়া চট্টগ্রাম নগরীর আছাদগঞ্জ ও রাজধানীর করপোরেট অফিস মিলিয়ে কয়েক শ’ কর্মকর্তা এবং কারখানাগুলোতে নিরাপত্তা রক্ষীদের একটি অংশ এখনো চাকরিতে আছেন বলে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে পতন হওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার লুটপাটের অন্যতম সহযোগী হিসেবে শিল্প গ্রুপটিকে চিহ্নিত করা হয়।



