সামসুল হক খান স্কুল

দ্রুত নির্বাচন দাবিতে অভিভাবক ফোরামের হুঁশিয়ারি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন শুক্রবার মধ্যরাতে স্থগিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সচেতন অভিভাবক ফোরাম। নির্বাচন স্থগিতের কারণ ব্যাখ্যা, তিন দিনের মধ্যে নতুন তফসিল ঘোষণা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের সদস্যসচিব মোহাম্মদ আলী বলেন, পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শামীমা সুলতানা শুক্রবার মধ্যরাতে নির্বাচন স্থগিতের নোটিশ জারি করেন, যা বিদ্যালয়ের অনলাইন গ্রুপে প্রচার করা হয়। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, নির্বাচন স্থগিতের পেছনে প্রভাবশালী মহলের হস্তক্ষেপ রয়েছে। অনেক অভিভাবকের ধারণা, বর্তমান প্রশাসন তাদের পছন্দের পরিচালনা পর্ষদ বহাল রাখতে এবং নতুন প্রতিনিধিদের নির্বাচিত হওয়ার সুযোগ সীমিত করতে চায়। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

মোহাম্মদ আলী আরো অভিযোগ করেন, অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান দীর্ঘ দিন ধরে অনির্বাচিত কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। অভিভাবক প্রতিনিধি নির্বাচনে অধ্যক্ষের পছন্দের প্রার্থীদের পরাজয়ের আশঙ্কায় তার প্রত্যক্ষ-পরোক্ষ মদদ ও রাজনৈতিক হস্তক্ষেপে প্রিজাইডিং অফিসারকে প্রভাবিত করে নির্বাচন স্থগিত করা হয়েছে। নোটিশ অনলাইন গ্রুপে দেয়া হলেও কোনো প্রার্থীকে জানানো হয়নি। ফলে প্রায় ২০ হাজার অভিভাবক ভোটার ভোটকেন্দ্রে এসে নির্বাচন স্থগিতের বিষয়টি জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন বলে তিনি দাবি করেন।