নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন সিলেটে এবং একজন করে ময়মনসিংহ ও রংপুর বিভাগে মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একই সময় নতুন করে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন ৮৭২ শিশু। এরমধ্যে ৭৫১ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১২১ জনের।
এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮৭ শিশু, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৩৮ শিশু। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৬ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৪৪ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৬ হাজার ১৮০ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ শিশু। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।
চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১১৩, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৩, চট্টগ্রামে ৭১, বরিশালে ৬৪, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১২ জন মারা গেছে।
সিলেটে একদিনে ২ শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হামের থাবা যেন থামছেই না। আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নতুন করে হাম শনাক্ত হয়েছে ১৩ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৭ জন। সব মিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত এই বিভাগে হাম শনাক্ত হয়েছে ৬৬২ জনের এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সন্দেহজনক হাম আক্রান্ত ২৮৬ জন। নতুন দুই মৃত্যুতে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ জনে।
গতকাল এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
সর্বশেষ মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স ১০ মাস। হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা এই শিশু সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অপর শিশু রাইসার বয়স ১৫ মাস। নগরীর দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা রাইসা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নতুন দুই মৃত্যুতে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ জনে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এদের বেশির ভাগই হাম উপসর্গ নিয়ে মারা গেছেন। জেলাভিত্তিক হিসাবে আগের ১১১ জনের মধ্যে সুনামগঞ্জে ৪৮, সিলেটে ৩৯, মৌলভীবাজারে ১৩ এবং হবিগঞ্জে ১১ জন মারা গেছেন।



