মানিকগঞ্জ প্রতিনিধি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বিমানবন্দরগুলোকে আধুনিকায়ন করে যাবতীয় দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধ করা হবে। আমাদের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীরা বিমানবন্দরে পা রেখেই যেন বুঝতে পারেন যে, তারা মাতৃভূমিতে এসেছেন, সেই পরিবেশ তৈরি করা হচ্ছে।
গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার পুরাতন লঞ্চঘাট এলাকার হরিজন পল্লীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
হরিজন সম্প্রদায়ের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের আবাসনের জন্য ৪৮টি ফ্ল্যাট-বিশিষ্ট কলোনি নির্মাণ করা হবে। সন্তানদের লেখাপড়ার সুযোগ, পানির সমস্যা সমাধানসহ সব মৌলিক চাহিদা পূরণ করা হবে।
জেলা ড্যাবের সভাপতি ড. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হরিজন সম্প্রদায়ের সভাপতি রিপন জমাদার ও রবিদাস সম্প্রদায়ের সভাপতি দশরথ রবিদাস। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা এবং সিভিল সার্জনসহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।


