আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা মানে শুধু জিকির করা নয়; বরং সততা, দায়িত্ববোধ ও মানবকল্যাণের মাধ্যমে কাজ করাই সবচেয়ে বড় জিকির। নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতেই হবে, তবে কাজের মধ্য দিয়েও তাঁকে স্মরণ করতে হবে। দায়িত্ব পালনে সততা থাকতে হবে, দুর্নীতি থেকে দূরে থাকতে হবে এবং মানুষের হক রক্ষা করতে হবে। কাজের মধ্যে যদি আল্লাহ না থাকেন, তাহলে শুধু আনুষ্ঠানিক ইবাদতের মূল্য থাকে না।
সম্প্রতি হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত আইআইইউসির এমবিএ ও এমবিএমের অটাম ২০২৫ ও স্প্রিং ২০২৬ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং অ্যাওয়ার্ডিং সেরিমনি ২০২৬-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. হাসমত আলী এবং বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও অ্যাওয়ার্ডিং সেরিমনি ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. মোহাম্মদ আলী আজাদী আরো বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, সময় ব্যবস্থাপনা ও নৈতিকতা সবকিছু একসাথে শিখতে হবে। নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তোমরা দেশের জন্য সম্পদে পরিণত হতে পারো। মনে রাখতে হবে মানুষের পুরো জীবনই একটি পরীক্ষাকেন্দ্র। শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্য সব ধাপ অতিক্রম করে একসময় মানুষকে প্রকৃত ঠিকানায় ফিরে যেতে হয়। সেখানে ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য শাস্তির মুখোমুখি হতে হবে। আমাদের জীবনটা খুব ছোট। এই ছোট জীবনে আমাদের এমন কিছু অর্জন করতে হবে, যাতে সমাজ, দেশ ও বিশ্বের কল্যাণে অবদান রাখা যায়। একইসাথে পরকালে আল্লাহর সামনে নিজের কর্মজীবনের জন্য পুরস্কৃত হওয়া যায়।
অনুষ্ঠানের একপর্যায়ে বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা: লকিয়ত উল্যাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও অ্যাওয়ার্ডিং সেরিমনিতে আরো উপস্থিত ছিলেন- এমবিএ ও এমবিএম প্রোগ্রামের সমন্বয়ক মোহাম্মদ জাহিদ হোসাইন ভূঁইয়া, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খান, এমবিএ প্রোগ্রামের সমন্বয়ক (ফিমেল) কুলসুমা আক্তার নাহিদসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।



