রায়গঞ্জে চাঁদার জন্য ব্যবসায়ীকে অপহরণ, গ্রেফতার ২

Printed Edition

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক বালু ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে পৌর যুবদলের এক নেতাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন ধানগড়া এলাকার বাসিন্দা ও রায়গঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহম্মেদ স্বপন (৩৯) এবং একই এলাকার মো: রাকিব (২৪)।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাহবুবুল আলম সেখ বগুড়ার শেরপুর উপজেলার একটি বালু মহালে ব্যবসা করেন। অভিযোগ রয়েছে, তৌকির আহম্মেদ স্বপন দীর্ঘদিন ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবি প্রত্যাখ্যান করলে তাকে হুমকি দেয়া হয়। গত ২ মে সকালে ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় তার পথরোধ করা হয়। এ সময় অভিযুক্তরা তাকে মারধর ও শ্বাস রোধ করে হত্যার চেষ্টা চালায় এবং সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে অপহরণ করে বিভিন্ন স্থানে আটকে রেখে পরিবারের কাছে আরো দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।