গোবিপ্রবি ডাইনিংয়ে পিরানহা মাছ পরিবেশন

Printed Edition

গোবিপ্রবি প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিজয় দিবস হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ৩১ জুলাই রাতের খাবারে রুপচাঁদা মাছের নামে অতিরিক্ত মূল্যে পিরানহা মাছ পরিবেশন করা হয়। খাবার খাওয়ার সময় মাছের দাঁত দেখে কয়েকজন শিক্ষার্থী সন্দেহ প্রকাশ করলে ডাইনিং কর্তৃপক্ষ প্রথমে সেটিকে রুপচাঁদা মাছ বলে দাবি করে। পরে শিক্ষার্থীদের প্রশ্নের মুখে ডাইনিং পরিচালক মাছটি পিরানহা বলে স্বীকার করেন বলে অভিযোগ করা হয়।

বাংলা বিভাগের শিক্ষার্থী ও হলের আবাসিক মাসুম পারভেজ বলেন, ডাইনিংয়ে নিয়মিত পিরানহা মাছ পরিবেশন করা হচ্ছে। বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান।

অভিযোগের বিষয়ে ডাইনিং পরিচালক মনির ইসলাম বলেন, শিক্ষার্থীরা যদি এ ধরনের মাছ খেতে না চায়, তাহলে ভবিষ্যতে ডাইনিংয়ে আর এ ধরনের মাছ রান্না করা হবে না।

বিজয় দিবস হলের প্রভোস্ট রবিউল ইসলাম বলেন, বিষয়টি তার জানা ছিল না। হল প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের মাছ পরিবেশনের সুযোগ নেই। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী দেশে পিরানহা মাছের চাষ, উৎপাদন, পরিবহন, মজুদ, প্রদর্শন, আমদানি ও বাজারজাতকরণ নিষিদ্ধ। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ আইন লঙ্ঘন করলে কারাদ- ও অর্থদ-ের বিধান রয়েছে।