রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে আহত করেছে এক দুর্বৃত্ত। রোববার দুপুর পৌনে ১টার দিকে নগরীর মতিহার থানার কাজলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত শিক্ষার্থীর নাম নন্দিনী ঘোষ। সে নগরীর আদর্শ উচ্চবিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নন্দিনী স্কুলে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষার খাতা প্রস্তুতের কাজে গিয়েছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নেয়। পরে ওই ব্যক্তি হঠাৎ করে নন্দিনীকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত নন্দিনী রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, রোববার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার সাথে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।