চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
প্রধানমন্ত্রীর জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানের বিরুদ্ধে সরকারি নির্দেশনা উপেক্ষার অভিযোগ করছেন সংশ্লিষ্টরা।
অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তবে চরভদ্রাসনে সকাল ৮টা ৫৯ মিনিটেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণের নির্দেশ দেয়া হয়।
অভিযোগকারীদের দাবি, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকের (ডিজি) নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে সমন্বয় করে তার বৃক্ষরোপণের পর দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশনা দেওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন সরকারি চাকরি বিধিমালা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার পরিপন্থী।’
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



