ড. শরীফুল ইসলামকে বুয়েটের প্রোভিসি নিয়োগ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়টির ৪র্থ প্রোভিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের গতকালের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। তিনি বর্তমান প্রোভিসি অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে কৃতিত্বের সাথে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন ধাপ অতিক্রম করে ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উচ্চশিক্ষার জন্য তিনি জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখান থেকে ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জনের পর একই বিশ্ববিদ্যালয়ে দুই বছর পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

কুমিল্লার কোর্টবাড়ী এলাকায় জন্ম নেয়া ড. শরীফুল ইসলাম ছাত্রজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ১৯৮৮ সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, কুমিল্লা থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ১২তম এবং ১৯৯০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ২য় স্থান অর্জন করেন।

গবেষণার ক্ষেত্রে তার বিশেষ আগ্রহের বিষয়গুলোর মধ্যে রয়েছে বায়োইঞ্জিনিয়ারিং, জলবায়ু-সহনশীল অবকাঠামো, দুর্যোগ-সহনশীল আবাসন, সবুজ নির্মাণসামগ্রী এবং নদীর বালু ও স্থানীয় বর্জ্য উপকরণ ব্যবহার করে আর্থ-ব্লক প্রযুক্তি।