জাপানে পরিবেশবিষয়ক পুরস্কার পেলেন ওয়াহিদ রেজা

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

বিশ্ব পরিবেশ দিবসে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সন্তান, বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। তার নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘আফটার আস’ জাপানের মর্যাদাপূর্ণ ‘সেভ দ্য আর্থ! মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।

এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শর্ট শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া (এসএসএফএফ অ্যান্ড এশিয়া) ২০২৬-এ চলচ্চিত্রটি এ সম্মাননা লাভ করে। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উৎসব কর্তৃপক্ষ বিজয়ীদের নাম ঘোষণা করে। ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ের বাসিন্দা এবং বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের ছেলে। কানাডাপ্রবাসী ওয়াহিদ ইবনে রেজা দীর্ঘদিন ধরে ভিএফএক্স ও অ্যানিমেশন জগতে কাজ করছেন।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ওয়াহিদ ইবনে রেজা উৎসব কর্তৃপক্ষ ও প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। তিনি তার সাড়ে পাঁচ বছর বয়সী মেয়ে সামারা ওয়াহিদের প্রতি চলচ্চিত্রটি উৎসর্গ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে আরো বাসযোগ্য করে তোলার প্রত্যাশা থেকেই তার এ কাজ।

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩০ জুন পর্যন্ত উৎসবের অনলাইন প্ল্যাটফর্মে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।