বগুড়া অফিস ও সারিয়াকান্দি সংবাদদাতা
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা এলাকায় যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের প্রায় ৩০ মিটার অংশে জিও ব্যাগ ধসে যাওয়ায় নতুন করে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজের কাজ শেষ পর্যায়ে থাকলেও এ ধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, কাজের মান ভালো হলে এত অল্প সময়ের মধ্যে জিও ব্যাগ ধসে পড়ত না। তাদের দাবি, অতীতে যমুনার ভাঙনে বহু বসতভিটা ও আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। ফলে জিও ব্যাগ ধসে যাওয়ার ঘটনায় আবারো আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, প্রায় আট হাজার জিও ব্যাগ স্থাপনের কাজ সমাপ্তির পথে রয়েছে। কোথাও অতিরিক্ত কাজের প্রয়োজন হলে তা দ্রুত করা হবে। তিনি জানান, যমুনা নদীর ওই এলাকায় ডান তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় চলমান ড্রেজিং কাজ শেষ হলে নদীর গতিপথে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা দ্রুত ধসে যাওয়া অংশ মেরামত এবং প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



