দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের গোর-এ শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ৯টায় গোর-এ শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের এ বিশাল জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ২২ একর জমিজুড়ে এই ময়দানে নামাজ আদায়ের জন্য জেলার বিভিন্ন স্থান থেকে লাখের অধিক মুসল্লি অংশ নেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অন্যান্য বারের তুলনায় এবারে উপস্থিতি কম ছিল। ঈদের জামাতে ইমামতি করেন দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন হেফাজতে ইসলাম জেলা শাখার আমির আলহাজ মাওলানা মতিউর রহমান কাসেমী। এখানে নামাজ আদায় করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।
দিনাজপুর পৌরসভা সূত্র জানায়, ওজু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিক্যাল টিম, খাবার পানিসহ প্রায় দেড় শতাধিক মাইক রাখা হয়। এ ছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি গম্বুজ ও মিনারে বৈদ্যুতিক লাইটিং করা হয়।



