তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার তিতাস উপজেলার আলোচিত আবদুল লতিফ ভূঁইয়া হত্যা মামলায় সৌদি আরবের মক্কায় হজ পালনরত মো: বাদল মোল্লাকে আসামি করা হয়েছে। তিনি মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় আবুল হোসেন মোল্লা ও বাদল মোল্লা ঘটনাস্থলে উপস্থিত থেকে লতিফ ভূঁইয়াকে মারধর ও কুপিয়ে হত্যায় অংশ নেন। তবে স্থানীয়দের দাবি, ঘটনার সময় বাদল মোল্লা স্ত্রীসহ সৌদি আরবে হজ পালনে ছিলেন এবং এখনো সেখানে অবস্থান করছেন।
স্থানীয় সূত্র জানায়, বাদল মোল্লা গত ২৫ এপ্রিল সৌদি আরবে যান। এছাড়া মামলার আরেক আসামি নিহত যুবলীগ নেতা জহির মোল্লার স্ত্রী শান্তা ইসলাম ঘটনার সময় ঢাকায় ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে এ মামলা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে মাছ ধরা নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা নিহত হন। ওই মামলার আসামি ছিলেন নিহত লতিফ ভূঁইয়া। স্থানীয়দের ধারণা, পূর্ব বিরোধের জের ধরেই গত ১১ মে রাতে মানিককান্দি এলাকায় লতিফ ভূইয়াকে কুপিয়ে হত্যা করা হয়।
মামলার বাদি সাবেক মেম্বার সাইফুল ইসলাম বলেন, নিহতের পরিবারের অনুরোধে তিনি বাদি হয়েছেন। তিনি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানান।
তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, তদন্তের মাধ্যমে নিরপরাধদের অব্যাহতি দিয়ে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রতিবেদন দেয়া হবে।



