ফুলবাড়ীতে ওজনে বিক্রি হচ্ছে লিচু

Printed Edition

শেখ সাবীর আলী ফুলবাড়ী (দিনাজপুর)

এখন চলছে মধু মাস জ্যৈষ্ঠ। বাজারে উঠেছে হরেক রকম ফল। এসব ফলের মধ্যে লিচুর কদর একটু বেশিই। বর্তমানে দিনাজপুর অঞ্চলের বিভিন্ন বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল টসটসে রসে ভরা সুমিষ্ট লিচু। বাগানীরা প্রতিদিন গাছ থেকে লিচু পাড়ছেন, বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করছেন।

অন্যান্য ফল কেজি দরে বিক্রির কথা শোনা গেলেও লিচু কখনো কেজি দরে বিক্রি হচ্ছে- এমন কথা শোনা যায়নি। কিন্তু এবার কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে কেজি দরে বিক্রি করা বিক্রেতাকে ঘিরে ভিড় করছেন আগ্রহী ও উৎসুক লিচু ক্রেতারা।

গতকাল বিকেলে পৌর শহরের কাঁটাবাড়ী বাংলাস্কুল মোড়ে ভ্যানে ফেরি করে কেজি দরে লিচু বিক্রির এমন দৃশ্য চোখে পড়ে। বোঁটা ছাড়া এসব লিচু ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন পৌর শহরের নিমতলা মোড়, ননীগোপালমোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বাংলাস্কুল মোড়সহ বিভিন্ন সড়কের পাশে এভাবেই কেজি দরে বিক্রি হচ্ছে ঝরে পড়া লিচু। বিক্রেতা ফেরদৌস আলী বলেন, বিভিন্ন বাগান থেকে এসব লিচু তিনি সংগ্রহ করেন। এরপর সংগৃহীত এসব লিচু তিনি ভ্যানে ফেরি করেন এবং গণনা করে নয়- কেজি দরে বিক্রি করেন। যদিও বিভিন্ন জাতের লিচু বাজারে শ’ হিসেবে বিক্রি হচ্ছে। প্রতি শ’ লিচুর দাম আকার ও রকমভেদে ২৫০ টাকা থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গণনা করে কিনতে গেলে দাম বেশি পড়ায় অনেক ক্রেতা ভ্যানের বোঁটছাড়া এই কেজি দরে বিক্রি হওয়া লিচু কিনতে বেশ আগ্রহ প্রকাশ করছেন।

মোজাম্মেল ও সাইফুল ইসলাম নামে দুই ক্রেতা জানান, ৮০ টাকা দরে এক কেজি লিচু কিনেছেন তারা। ৮০ টাকায় ক্রয় করা এক কেজি লিচুতে তিনি গুণে দেখেন ৯০টি লিচু পেয়েছেন তিনি। তবে কিছু কিছু লিচু নষ্টও পাওয়া যায়। তারপরও দাম কম হিসেবে খুব একটা খারাপ না। বাজারে আঁটি করা ১০০ লিচু কিনতে গেলে তো অনেক দাম দিয়ে কিনতে হয়। বিক্রেতা মাহবুব হোসেন বলেন, এখানে বিভিন্ন জাতের লিচু আছে। জেলার বিভিন্ন বাগানে লিচু পাড়ার সময় গাছ থেকে ঝরে পড়ে যাওয়া লিচুগুলোই তিনি কিনে এনে এভাবে ভ্যানে করে বিভিন্ন হাট-বাজারে ঘুরে ঘুরে বিক্রি করেন। তবে এসব লিচু খেতে অন্যান্য লিচুর মতোই সুমিষ্ট ও রসালো।