ইউক্রেনযুদ্ধের প্রভাবে শঙ্কিত বাল্টিক রাষ্ট্রগুলোতে নিরাপত্তা জোরদার

Printed Edition

আলজাজিরা

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে বাল্টিক রাষ্ট্রগুলোতে নিরাপত্তা শঙ্কা তীব্রতর হয়েছে। এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার সীমান্তে এখন গড়ে তোলা হচ্ছে ট্যাংকবিধ্বংসী পরিখা, কংক্রিটের বাংকার এবং ড্রাগনস টিথ বা তীক্ষ্ণ কংক্রিট ব্যারিকেড। সোভিয়েত আমলের তিক্ত স্মৃতি ও সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই দেশগুলো সম্ভাব্য সামরিক সঙ্ঘাতের আশঙ্কায় নিজেদের দুর্গ হিসেবে প্রস্তুত করছে। প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি ও নিয়মিত সামরিক মহড়া এখন নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ড্রোন অনুপ্রবেশের ঘটনা এই শঙ্কাকে আরো ঘনীভূত করেছে। ইউক্রেনীয় ড্রোন লক্ষ্যভ্রষ্ট হয়ে বাল্টিক আকাশসীমায় প্রবেশের ঘটনায় মস্কো সরাসরি সম্পৃক্ততা অস্বীকার করলেও কিয়েভ একে রাশিয়ার ইলেকট্রনিক জ্যামিংয়ের ফল বলে দাবি করেছে। মে মাসের মাঝামাঝি ৪৮ ঘণ্টার ব্যবধানে দু’টি ড্রোন অনুপ্রবেশের ঘটনায় লিথুয়ানিয়া নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেয় এবং রোমানিয়ার ন্যাটো যুদ্ধবিমান সতর্কাবস্থায় রাখা হয়। লাটভিয়া থেকেও সামরিক ড্রোন উৎক্ষেপণের রাশিয়ার অভিযোগ দেশটির রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি করেছে, যার জেরে দেশটিতে সরকার পতনের ঘটনাও ঘটেছে।