চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় সাত বছরের শিশু টিটন দে হত্যা মামলায় সুজন দাশকে (৩৫) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
গতকাল চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো: তাজুল ইসলামের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, নিহত টিটন দে তার মা সুমি দের সাথে চান্দগাঁও এলাকার সিঅ্যান্ডবি-বিএফআইডিসি সড়কের একটি বাসায় থাকতেন। সুমি দে একটি পোশাক কারখানায় কাজ করতেন। একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন আত্মীয় সুজন দাশ ও তার পরিবার। ২০১৫ সালের ১১ জুলাই সুমি দে কাজে গেলে টিটনকে বাসায় নিয়ে যান সুজনের স্ত্রী। পরদিন ১২ জুলাই দুপুরে শিশুটিকে গোসল করানো নিয়ে সুজন দাশের সাথে সুমির বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে সুজন দাশ শিশুটিকে মারধর করলে টিটন গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



