ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের পেস শিবিরে চোটের মিছিল। নাহিদ রানা পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন, আর তাসকিন আহমেদের ফিটনেস নিয়েও ছিল শঙ্কা। তবে চিকিৎসকের পরামর্শ নেয়ার পর স্বস্তির খবরই দিলেন তাসকিন আহমেদ। নিজের শারীরিক উন্নতির পাশাপাশি নাহিদ রানার দ্রুত মাঠে ফেরার সুখবরও দিলেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে তাসকিন জানান, দ্রুত সুস্থ হয়ে আবারো একসাথে মাঠে নামতে চান তারা। তিনি লিখেছেন, ‘আশা করি আমাদের শারীরিক অবস্থার আরো উন্নতি হবে এবং খুব শিগগিরই আমার ভাই নাহিদ রানার সাথে আবার একসাথে খেলতে পারব ইনশাআল্লাহ।’
শুধু নিজের ফিটনেস নিয়েই নয়, চিকিৎসা সেবায় সহযোগিতা পাওয়া ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাসকিন। বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক ডা: ড্রর মাওরকে। পাশাপাশি অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশী সহযোগী বাবুর অবদানের কথাও উল্লেখ করেছেন তিনি। তাসকিন ফেসবুক পোস্টে আরো লিখেছেন, ‘আমাদেরকে অসাধারণ সেবা দেয়ার জন্য ডা: দ্রোর মাওরকে বিশেষ ধন্যবাদ। এ ছাড়াও আমাদের বাংলাদেশী বাবু ভাই, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। অস্ট্রেলিয়া সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
বাংলাদেশ দলের জন্য এই বার্তাটি স্বস্তির হলেও নাহিদ রানাকে ছাড়াই অস্ট্রেলিয়া সফর চালিয়ে যেতে হবে টাইগারদের। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ এই পেসার। অন্যদিকে তাসকিন রয়েছেন প্রথম টেস্টের দলে এবং তার ফিটনেসের অগ্রগতি বাংলাদেশ দলের জন্য ইতিবাচক খবর হিসেবেই দেখা হচ্ছে।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে শুক্রবার রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রথম বহরের ক্রিকেটাররা ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পথে। সেখানে ৬-৮ আগস্ট স্থানীয় একটি দলের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার পর মূল লড়াইয়ে নামবে টাইগাররা।
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। একমাত্র জয়টি এসেছে ২০১৭ সালে মিরপুরে। এবার দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই সফর শুরু করেছে শান্তর দল। আর সেই লক্ষ্য পূরণে তাসকিনের সুস্থ হয়ে ওঠা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় ইতিবাচক খবর।
প্রথম টেস্টের দলে লিটন দাস
লিটন দাসকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। তবে চোট থেকে সেরে ওঠায় প্রথম টেস্টের দলে ডাকা হলো এই উইকেটরক্ষক ব্যাটারকে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার রাত ১২টার দিকে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। শেষ মুহূর্তে দলে ডাক পাওয়ায় আজ অস্ট্রেলিয়া যাবেন লিটন। ডারউইনে দলের সাথে যোগ দেবেন টি-২০ ও ওয়ানডে অধিনায়ক।
গত ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে শেষ ওয়ানডে চলাকালীন কাফ মাসেলে চোট পান লিটন। এই চোটের কারণে অজিদের বিপক্ষে প্রথম টেস্টের দলে থাকার কথা ছিল না তার। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি করায় শেষ পর্যন্ত দলে ডাকা হলো লিটনকে।
লিটনকে প্রথম টেস্টের দলে নেয়া প্রসঙ্গে বিসিবির দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বা পায়ের কাফের চোট থেকে সেরে ওঠায় লিটনকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে নেয়া হয়েছে। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। চোটের কারণে গত জুন থেকে মাঠের বাইরে ছিলেন লিটন। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি করায় তাকে প্রথম টেস্টের জন্য নেয়া হয়েছে। রোববার (আজ) ডারউইনের উদ্দেশে রওনা হবেন লিটন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন।’
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, অমিত হাসান, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও মুশফিক হাসান।



