কিউইদের কাছে হারল টাইগ্রেসরা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড নারী দলের কাছে ৬৮ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জ্যোতিরা।

প্রস্তুতি ম্যাচে টসে জিতে আগে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে নিউজিল্যান্ড। ২৮ বলে ৫১ রান করে টিকে ছিলেন মেলি কের। এ ছাড়া ইজি শার্প ২৬ বলে ৪৬ রান করেছেন। ৩৯ বলে ৪৫ রান করেছেন সুজি বেটস। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন রিতু মনি। ১ উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ১৫ বলে ২৬ রান করেছেন। এ ছাড়া তাজ নেহার ১৪ বলে ১৩ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৩ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন। বাকিদের মধ্যে ১৪ বলে ১৭ রান করেছেন নাহিদা আক্তার। ১৩ বলে ১০ রান করেছেন রিতু মনি। ৮ উইকেট হারিয়ে ১২৫ রান করে থেমেছে বাংলাদেশ। ৬৮ রানে জিতেছে কিউইরা। ৪ উইকেট শিকার করেন নেনসি প্যাটেল।