কক্সবাজারকে আন্তর্জাতিকমানের ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। গত শুক্রবার রাতে কক্সবাজারের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট পরিদর্শন শেষে পর্যটক ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল দর্শন হলো জীববৈচিত্র্য অক্ষুণœ রেখে কক্সবাজারকে নিরাপদ ও আধুনিক বৈশ্বিক পর্যটনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। আন্তর্জাতিকমানের আবাসন নিশ্চিতে বিশেষ জোন সুনির্দিষ্ট করা হচ্ছে। পাশাপাশি পরিবেশ রক্ষা করে ইকো-ট্যুরিজম এবং নারী ও শিশুদের নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।
এর আগে বিকেলে কলাতলী বিচে অনূর্ধ্ব-১৫ বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি এবং ভূমি প্রতিমন্ত্রীসহ বস্ত্র ও বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বালক ও বালিকা উভয় বিভাগে চট্টগ্রাম বিভাগ চ্যাম্পিয়ন হয়। ক্রীড়া প্রতিমন্ত্রী ঘোষণা দেন। কক্সবাজারকে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে পরিচিত করতে এখানে ‘সাফ বিচ গেমস’ আয়োজন করা হবে।
গতকাল শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে চার প্রতিমন্ত্রী বিমানবন্দরের আন্তর্জাতিকীকরণ কাজের অগ্রগতি এবং সৈকত এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি।



