শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের সাথে বনদস্যু শরীফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দস্যুরা ট্রলার ফেলে পালিয়ে গেলে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, কার্তুজ ও চারটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে সুন্দরবনের শেলারচর এলাকার সিঙেরটেক বনাঞ্চলে এ ঘটনা ঘটে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের বনরক্ষীরা যৌথ টহলের সময় একটি সন্দেহজনক ট্রলারকে থামানোর সঙ্কেত দেয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে দস্যুরা বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় বনরক্ষীরাও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে দস্যুরা ট্রলারটি তীরে ভিড়িয়ে সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। পরে ট্রলার তল্লাশি করে একটি বন্দুক, এক রাউন্ড কার্তুজ, চারটি ওয়াকিটকি এবং শিকলবন্দি অবস্থায় থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা হলেন- হাসান, মাসুম, ইরাক শেখ ও নাছিম।
বাংলাদেশ বন বিভাগ সূত্র জানায়, উদ্ধার হওয়া জেলে ও জব্দ করা ট্রলার শেলারচর টহল ফাঁড়িতে নেয়া হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করীম চৌধুরী বলেন, দস্যুদের ধরতে বনাঞ্চলে তল্লাশি অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



