মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের পশুর হাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত এক ডজন ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষে বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে বালুচর বাজার এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে। গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৩ ও ২৬ মে বালুচর বাজারে পশুর হাট বসার কথা রয়েছে। হাটের ইজারা পেয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান। হাট পরিচালনার দায়িত্বে ছিলেন মোক্তার হোসেন ও শহীদ বাউল। গতকাল ইজারা কার্যক্রম সংশ্লিষ্ট একটি সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে আজ সকালে বাউল গ্রুপ ও সরকার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে বাউল গ্রুপের শহীদ বাউল (৩৫), আরিফ হোসেন (৩৫), ওছমান গনি (২৫), ফারুক মুন্সি (৩০) এবং সরকার গ্রুপের শাকিল সরকার (২৭), সিপন সরকার (৩২), সামিম সরকার (৩০) ও আসলাম সরকারসহ (৪০) দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, বিষয়টি সমাধানে প্রশাসনের সাথে আলোচনা চলছে। ইজারাদার মোহাম্মদ জাহিদুর রহমানের দাবি, হাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, পশুর হাট ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধে এ সংঘর্ষ ঘটেছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।



